হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
ভূমিকা
খুতবায়ে ফাদাকিয়াহ হজরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর অন্যতম গুরুত্বপূর্ণ ও কালজয়ী ভাষণ। প্রথম খলিফা কর্তৃক ফাদাক দখলের পরিপ্রেক্ষিতে তিনি এই ভাষণ প্রদান করেন। মদিনার মসজিদে মুহাজির ও আনসারদের উপস্থিতিতে প্রদত্ত এ ভাষণ কেবল ফাদাক পুনরুদ্ধারের দাবিতে একটি প্রতিবাদী বক্তব্য ছিল না; বরং এটি ছিল আহলে বাইতের (আ.) ন্যায্য অধিকার ও সত্যতার পক্ষে একটি পূর্ণাঙ্গ ঘোষণা এবং ঐশী বেলায়েতের পথ থেকে বিচ্যুতির ক্ষেত্রে প্রথম খলিফার কর্মকাণ্ডের সমালোচনা।
পবিত্র কুরআনের আয়াত ও মহানবী (সা.)-এর সুন্নাহর আলোকে প্রদত্ত এই ভাষণে হজরত ফাতিমা (সা.আ.) ইসলামের বিশ্বাসব্যবস্থায় তাঁর নিজের এবং আহলে বাইতের (আ.) উচ্চ মর্যাদা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি খেলাফত ও ফাদাক দখলের ঘটনাকে যুক্তি ও দলিলের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করেছেন।
আহলে বাইতের (আ.) সত্যতা প্রমাণে খুতবায়ে ফাদাকিয়াহর অবস্থান
খুতবায়ে ফাদাকিয়াহ সাধারণ কোনো ভাষণ ছিল না; বরং এটি ছিল একটি রাজনৈতিক ও আকিদাগত জিজ্ঞাসাবাদ। এতে হজরত ফাতিমা (সা.আ.) অত্যন্ত প্রাঞ্জল ভাষা ও শক্তিশালী যুক্তির মাধ্যমে নিজের এবং তাঁর স্বামী আমিরুল মুমিনিন হজরত আলী (আ.)-এর হরণকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য বক্তব্য তুলে ধরেন।
এই ভাষণ পবিত্র কুরআনের দলিল এবং গভীর তাওহিদি ভাবধারায় সমৃদ্ধ। এতে হজরত ফাতিমা (সা.আ.) কুরআনের মর্যাদা, মহানবী (সা.)-এর রিসালাত, ঐশী নির্দেশনা এবং আহলে বাইতের (আ.) অনুসরণের অপরিহার্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।[১]
এই ভাষণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, প্রথম খলিফা ফাদাক দখলের পক্ষে যে কথিত হাদিসটি দলিল হিসেবে উপস্থাপন করেছিলেন, হজরত ফাতিমা (সা.আ.) তার প্রতিবাদ করেন। হাদিসটি হলো:
‘আমরা নবীগণ উত্তরাধিকার রেখে যাই না।’
হজরত ফাতিমা (সা.আ.) পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের আলোকে এই বক্তব্যের অসংগতি তুলে ধরেন। বিশেষ করে সূরা নামলের ১৬ নম্বর আয়াতের প্রতি ইঙ্গিত করেন, যেখানে হজরত সুলাইমান (আ.)-এর পিতা হজরত দাউদ (আ.)-এর উত্তরাধিকারী হওয়ার কথা উল্লেখ রয়েছে। এর মাধ্যমে তিনি প্রমাণ করেন যে, নবীগণও অন্য মানুষের মতো উত্তরাধিকার রেখে যান।[২]
এই যুক্তি পবিত্র কুরআন সম্পর্কে হজরত ফাতিমা (সা.আ.)-এর গভীর জ্ঞান এবং ঐশী বিধান থেকে বিধান নির্ণয়ের ক্ষেত্রে তাঁর অসাধারণ প্রজ্ঞার পরিচয় বহন করে।
খুতবায়ে ফাদাকিয়াহতে প্রথম খলিফার কর্মকাণ্ডের সমালোচনা
হজরত ফাতিমা (সা.আ.) তাঁর ভাষণে ফাদাক দখল এবং ঐশী বেলায়েতের পথ থেকে বিচ্যুতির ক্ষেত্রে আবু বকরের ভূমিকার সুস্পষ্ট সমালোচনা করেন। মহানবী (সা.)-এর কন্যা হিসেবে নিজের উচ্চ মর্যাদার কথা উল্লেখ করে তিনি ঐশী ও পারিবারিক অধিকার উপেক্ষা করার কারণে খলিফার কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
তিনি বলেন: হে আবু বকর! পবিত্র কুরআনে কি এমন কথা রয়েছে যে, তুমি তোমার পিতার উত্তরাধিকার পাবে, অথচ আমি আমার পিতার উত্তরাধিকার পাব না? তুমি তো এক গুরুতর দাবি উত্থাপন করেছ! [৩]
এই বক্তব্য থেকে স্পষ্ট হয় যে, হজরত ফাতিমা (সা.আ.) নিজের অধিকার সম্পর্কে পূর্ণ সচেতন ছিলেন। তিনি ক্ষমতাসীনদের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে খলিফার পদক্ষেপের অসংগতিগুলো অকপটে তুলে ধরেছেন।
অন্যদিকে, এই ভাষণে তিনি মুসলমানদের ঐশী বেলায়েতের পথ থেকে বিচ্যুতির বিষয়টিও অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন। সত্যের পক্ষে অবস্থান গ্রহণে তাদের শিথিলতা এবং আবু বকরের খেলাফত মেনে নেওয়ার জন্য তিনি তাদের সমালোচনা করেন।
গাদিরে খুমের ঘটনা এবং আহলে বাইত (আ.) সম্পর্কে মহানবী (সা.)-এর নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি মুসলমানদের প্রশ্নের মুখোমুখি করেন-কীভাবে মহানবী (সা.)-এর ওফাতের পর তারা ঐশী নির্দেশনা উপেক্ষা করে এমন একজনের দিকে ঝুঁকে পড়ল, যিনি বংশমর্যাদা ও ফজিলত-কোনো বিবেচনাতেই খেলাফতের অধিক উপযুক্ত ছিলেন না।[৪]
খুতবায়ে ফাদাকিয়াহর এই অংশে খেলাফত সম্পর্কে হজরত ফাতিমা (সা.আ.)-এর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। তাঁর প্রতিবাদ কেবল একটি সম্পত্তি বা আর্থিক অধিকারের বিরোধ ছিল না; বরং এর মূল লক্ষ্য ছিল প্রকৃত অধিকারকে তার যথাযথ অবস্থানে ফিরিয়ে আনা।
খুতবায়ে ফাদাকিয়াহর গুরুত্ব ও ঐতিহাসিক স্থায়িত্ব
খুতবায়ে ফাদাকিয়াহ কেবল সমকালীন মুসলমানদের চিন্তাজগতেই গভীর প্রভাব ফেলেনি; বরং শিয়া মতাদর্শ ও আকিদার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও যুগে যুগে আলেম, গবেষক ও চিন্তাবিদদের মনোযোগ আকর্ষণ করেছে।
ইবনে শাহরে আশুব, আল্লামা মাজলিসি এবং সাইয়্যেদ হাশিম বাহরানির মতো বিশিষ্ট আলেম তাঁদের গ্রন্থে এই ভাষণটি বর্ণনা করেছেন এবং এর গুরুত্বের ওপর জোর দিয়েছেন।[৫] এ ছাড়া খুতবাটির ওপর অসংখ্য ব্যাখ্যাগ্রন্থ রচিত হয়েছে, যা এর বিষয়বস্তুর গভীরতা এবং শিয়া সংস্কৃতিতে এর বিশেষ অবস্থানের প্রমাণ বহন করে।
উপসংহার
খুতবায়ে ফাদাকিয়াহ কেবল একটি অর্থনৈতিক সম্পত্তির অধিকার প্রতিষ্ঠার ভাষণ নয়; বরং এটি আহলে বাইতের (আ.) সত্যতা ও ন্যায্য অধিকার রক্ষায় এবং ঐশী বেলায়েতের পথ থেকে বিচ্যুতির ক্ষেত্রে প্রথম খলিফার ভূমিকার সমালোচনায় রচিত এক ঐতিহাসিক ঘোষণা।
হজরত ফাতিমা (সা.আ.) পবিত্র কুরআনের আয়াত ও মহানবী (সা.)-এর সুন্নাহর আলোকে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন যে, ফাদাক দখল কেবল একটি অর্থনৈতিক পদক্ষেপ ছিল না; বরং এটি ছিল আহলে বাইতের (আ.) মর্যাদা ও অবস্থান দুর্বল করা এবং খেলাফতের ঐশী ধারাকে পরিবর্তনের বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ।
শিয়া মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও আকিদাগত ঐতিহ্য হিসেবে খুতবায়ে ফাদাকিয়াহ যুগে যুগে হজরত ফাতিমা যাহরা (সা.আ.) এবং আহলে বাইতের (আ.) ওপর সংঘটিত জুলুমের স্মারক হয়ে রয়েছে। একই সঙ্গে এটি তাঁদের সত্যতা, ন্যায্য অধিকার এবং ঐশী বেলায়েতের পক্ষে এক শক্তিশালী দলিল হিসেবে বিবেচিত।
তথ্যসূত্র
১- মুহাদ্দিসি, জাওয়াদ, ফারহাঙ্গে গাদির, পৃষ্ঠা ২৪৭।
২- কিফায়াতুল মুয়াহহিদিন, খণ্ড ২, পৃষ্ঠা ৩৬১; মানাকিবে ইবনে শাহরে আশুব, খণ্ড ২, পৃষ্ঠা ২০৮।
৩- কিফায়াতুল মুয়াহহিদিন, খণ্ড ২, পৃষ্ঠা ৩৬১; বিহারুল আনওয়ার, খণ্ড ২৯, পৃষ্ঠা ২১৫।
৪- মুহাদ্দিসি, জাওয়াদ, ফারহাঙ্গে গাদির, পৃষ্ঠা ২৪৭; কাশফুল গুম্মাহ, খণ্ড ২, পৃষ্ঠা ১০৫।
৫- মানাকিবে ইবনে শাহরে আশুব, খণ্ড ২, পৃষ্ঠা ২০৮; বিহারুল আনওয়ার, খণ্ড ২৯, পৃষ্ঠা ২১৫।
লেখা: মজিদুল ইসলাম শাহ
আপনার কমেন্ট